গ্রামীণফোন নিয়ে এলো ফাইভ-জি রোমিং সেবা
Published : ১৭:১২, ৯ ফেব্রুয়ারি ২০২৬
গ্রামীণফোন তার গ্রাহকদের জন্য ফাইভ-জি রোমিং সেবা চালু করেছে। এর ফলে বিদেশ ভ্রমণের সময়ও গ্রাহকরা ফাইভ-জি নেটওয়ার্কের উচ্চগতির ইন্টারনেট সুবিধা ব্যবহার করতে পারবেন।
গ্রামীণফোন সোমবার (৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমে এক বিজ্ঞপ্তি পাঠিয়ে জানিয়েছে, ফাইভ-জি উপযোগী স্মার্টফোন ও গ্রামীণফোন সিম ব্যবহারকারীরা কোনও অতিরিক্ত খরচ বা নতুন প্যাক কেনা ছাড়াই বিদ্যমান রোমিং প্যাকের আওতায় এই সেবা উপভোগ করতে পারবেন। এতে স্ট্রিমিং হবে আরও নির্বিঘ্ন, ভিডিও কল হবে স্বচ্ছ, ডাউনলোড হবে দ্রুত এবং অনলাইনে কাজ করা যাবে আরও স্বাচ্ছন্দ্যে।
প্রাথমিকভাবে থাইল্যান্ড, মালয়েশিয়া, নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে এই সেবা চালু করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দেশেও ফাইভ-জি রোমিং সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার সোলায়মান আলম বলেন, “ফাইভজি রোমিং সেবা চালু গ্রাহকদের বিশ্বমানের অভিজ্ঞতা দেবে। ব্যবসা, শিক্ষা কিংবা ভ্রমণের উদ্দেশ্যে বিদেশে অবস্থানকালেও গ্রাহকরা যেন দ্রুতগতির ও নির্ভরযোগ্য নেটওয়ার্ক সুবিধা পান, সে লক্ষ্যেই এই উদ্যোগ।”
গ্রামীণফোনের মতে, ফাইভজি রোমিং সেবা বিদেশে উল্লেখযোগ্যভাবে বেশি গতি, কম ল্যাটেন্সি এবং আরও স্থিতিশীল মোবাইল অভিজ্ঞতা নিশ্চিত করবে। এর মাধ্যমে প্রযুক্তিগত অগ্রগতি ও গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনে প্রতিষ্ঠানটির নেতৃত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য পরবর্তী প্রজন্মের রোমিং সুবিধা নিশ্চিত করে গ্রামীণফোন ডিজিটাল জীবনধারা ও বৈশ্বিক সংযোগের ক্ষেত্রে নতুন মানদণ্ড স্থাপন করছে বলে জানায় প্রতিষ্ঠানটি।
এমএএইচ













