দেশের টেলিযোগাযোগে নতুন অধ্যায়, সচল হলো বিটিসিএলের এমভিএনও সিম
Published : ১৭:৫৬, ৩ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, দেশের প্রথম বিটিসিএল এমভিএনও (মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর) সিম সফলভাবে সচল হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ওয়ালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, ভয়েস কল, ডাটা, আলাপ থেকে মোবাইল নেটওয়ার্ক, আলাপ থেকে আলাপ এবং জিপন সমন্বয়সহ চারটি গুরুত্বপূর্ণ সেবার সফল প্রভিশনিং সম্পন্ন হয়েছে। পাশাপাশি কল পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আজ দুপুরে বিটিসিএলের গুলিস্তান ও রমনা কার্যালয়ে সরেজমিনে প্রভিশনিং, অ্যাক্টিভেশন এবং পরীক্ষামূলক কল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে।
তিনি আরও জানান, আগামী ৮ (ফেব্রুয়ারি) তারিখে বিটিসিএল এমভিএনও সেবার লাইভ পাইলট কার্যক্রম শুরু হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এমভিএনও এবং ট্রিপল প্লে সেবা চালুর কাজও চলমান রয়েছে। এই দুটি সেবা একসাথেই চালু করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, বিটিসিএলের এমভিএনও ও ট্রিপল প্লে সেবা চালু হলে টেলিযোগাযোগ খাতে প্রতিযোগিতা বাড়বে এবং গ্রাহকরা আরও উন্নত ও বহুমুখী সেবা পাওয়ার সুযোগ পাবেন।
এমএএইচ














