বাংলাদেশ থেকে ২৯ শতাংশ ক্ষতিকর কনটেন্ট সরিয়েছে সামাজিক মাধ্যম
Published : ১৫:০০, ২৮ জানুয়ারি ২০২৬
নির্বাচন সামনে রেখে ভুয়া তথ্য, গুজব ও ক্ষতিকর অনলাইন কনটেন্ট শনাক্ত ও অপসারণে ২৪ ঘণ্টা কাজ করছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএ)। গত এক মাসে বাংলাদেশ থেকে রিপোর্ট করা কনটেন্টের প্রায় ২৯ শতাংশ ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রাম দ্রুত নামিয়ে ফেলেছে বলে জানিয়েছে সরকার।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো (ডিডিআই) ২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
তিনি বলেন, বর্তমান সাইবার সেফটি অর্ডিন্যান্স অনুযায়ী মিসইনফরমেশন ও ক্ষতিকর কনটেন্ট মোকাবিলায় এনসিএ দায়িত্বপ্রাপ্ত সংস্থা। নির্বাচনকে কেন্দ্র করে ছড়ানো ভুয়া তথ্য শনাক্তে ২১ জন প্রকৌশলীর একটি টিম ২৪ ঘণ্টা কাজ করছে। পাশাপাশি বিভিন্ন সংস্থার সমন্বয়ে একটি হাই-পাওয়ার কমিটিও সক্রিয় রয়েছে।
আইসিটি সচিব জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক কোনও কনটেন্ট শনাক্ত হলে তা বিশ্লেষণ ও ফ্যাক্টচেক করে জাতীয় সাইবার সিকিউরিটি কর্তৃপক্ষের মাধ্যমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-কে পাঠানো হয়। বিটিআরসি সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে রিপোর্ট করলে তারা তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী কনটেন্ট পর্যালোচনা করে ব্যবস্থা নেয়।
তিনি আরও জানান, ডিজিএফআই, এনএসআই ও স্পেশাল ব্র্যাঞ্চেরও ডেডিকেটেড মনিটরিং টিম রয়েছে। অনেক ক্ষেত্রে একই কনটেন্ট একাধিক সংস্থা থেকে রিপোর্ট হওয়ায় দ্রুত অপসারণ সম্ভব হচ্ছে। নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী সময়েও এই নজরদারি অব্যাহত থাকবে।
অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়নের লক্ষ্য নিয়ে আগামী ২৮ জানুয়ারি থেকে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে চার দিনব্যাপী ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬। প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রদর্শনী চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
প্রদর্শনীতে শিক্ষার্থীদের ৫৬টি উদ্ভাবন প্রদর্শিত হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে ৫টি সেমিনার ও ৪টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। প্রবেশ বিনামূল্যে হলেও অনলাইনে বা স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে নিবন্ধন করতে হবে। প্রদর্শনীটি যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, মহাসচিব মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এক্সপোতে স্যাসাং তাদের স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইসে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে। সম্ভাব্য আকর্ষণ হিসেবে থাকছে স্যামসাংয়ের তিন ভাঁজের স্মার্টফোন। অনার নিয়ে আসছে ম্যাজিক ৮প্রো নামের একটি হ্যান্ডসেট। এটি ডিপফেক ভিডিও শনাক্ত করতে পারে। এছাড়াও অনার দেবে ৪৮ শতাংশ মূল্য ছাড়। লেনোভো দেবে তাদের সব ডিভাইসে ১ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ব্যাক অফার। শাওমি দেবে তাদের সব ডিভাইসে ৫-১০ শতাংশ মূল্য ছাড়। এছাড়া দেবে ১০ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত উপহার।
এমএএইচ













