বুধবার; ০৪ ফেব্রুয়ারি ২০২৬; ২১ মাঘ ১৪৩২

স্মার্টফোন কিনতে ঋণ দেবে পামপে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছবি: এআই দিয়ে তৈরি

স্মার্টফোন কিনতে ঋণ দেবে পামপে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১০:৪৩, ২৯ জানুয়ারি ২০২৬

দেশের স্বল্প আয়ের মানুষকে স্মার্টফোন কেনার সুযোগ দিতে ঋণ সুবিধা চালু করছে বহুজাতিক ডিজিটাল ব্যাংক পামপে লিমিটেড। এ জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী, পরীক্ষামূলকভাবে এক বছরে ১০ হাজার স্মার্টফোন বিক্রির লক্ষ্যে এই ঋণ কার্যক্রম চালাবে পামপে। টেকনো, ইনফিনিক্স ও আইটেল ব্র্যান্ডের ফোন এ সুবিধার আওতায় পাওয়া যাবে। গ্রাহককে নগদ অর্থ না দিয়ে নির্ধারিত বিক্রেতার মাধ্যমে সরাসরি ফোন কিনে দেবে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে পামপে লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুন জেং ইথান বলেন, বাংলাদেশ ব্যাংকের এই গুরুত্বপূর্ণ অনুমোদন আমাদের জন্য অত্যন্ত সম্মানের। এই যুগান্তকারী পাইলট প্রোগ্রামটি ডিজিটাল বিভাজন কমাতে কার্যকর ভূমিকা রাখবে। সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য স্মার্টফোনকে আরও সহজলভ্য করে ডিজিটাল অর্থনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ করে দেবে। আমরা আশাবাদী, এই উদ্যোগ মানুষের যোগাযোগ, লেনদেন ও শেখার ধরনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে।

২০২৪ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করা পামপে বর্তমানে সারা দেশে প্রায় সাড়ে তিন হাজার মোবাইল বিক্রেতার সঙ্গে যুক্ত হয়েছে। জাতীয় পরিচয়পত্র ও একজন গ্যারান্টারের পরিচয়পত্র জমা দিয়ে গ্রাহকরা এই ঋণ নিতে পারবেন। অ্যাপের মাধ্যমেও আবেদন করা যাবে।

ফোন কেনার সময় মোট মূল্যের ১৫ শতাংশ আগ্রীম পরিশোধ করতে হবে। বাকি অর্থ সর্বোচ্চ ৯ মাসে পরিশোধের সুযোগ থাকবে, যেখানে মাসিক সুদহার হবে ২ শতাংশ। কিস্তি পরিশোধে ব্যর্থ হলে ধাপে ধাপে ফোনটি নিষ্ক্রিয় হয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে স্মার্টফোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সে লক্ষ্যেই পাইলট প্রকল্প হিসেবে এই কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, নাইজেরিয়াভিত্তিক পামপে বর্তমানে চার কোটি ব্যবহারকারী ও ১০ লাখ মার্চেন্টকে সেবা দিচ্ছে। আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে স্মার্টফোন ফিন্যান্সিং ও ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

এমএএইচ

শেয়ার করুনঃ