বৃহস্পতিবার; ১৯ ফেব্রুয়ারি ২০২৬; ৬ ফাল্গুন ১৪৩২

ই-কমার্সে পাঠাও, শপ থেকে মিলবে দেশজুড়ে দ্রুত সেবা ছবি: এআই/ইনফোটেকইনসাইট.কম

ই-কমার্সে পাঠাও, শপ থেকে মিলবে দেশজুড়ে দ্রুত সেবা

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১১:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

দেশজুড়ে অনলাইন কেনাকাটাকে আরও সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য করতে নতুন সেবা চালু করেছে পাঠাও। পাঠাও শপ নামে ইন-অ্যাপ কেনাকাটার এই প্ল্যাটফর্মের মাধ্যমে এখন থেকে জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য, যাচাইকৃত বিক্রেতা এবং দেশব্যাপী দ্রুত সরবরাহ- সবই মিলবে একই ঠিকানায়।

পাঠাও সুপার অ্যাপের নতুন এই সুবিধায় জীবনধারা পণ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী- সবই পাওয়া যাবে এক জায়গায়। মোটরযান সামগ্রী, প্রযুক্তিপণ্য, নিত্যপণ্য, স্বাস্থ্য ও ত্বকচর্চা, গৃহসামগ্রী কিংবা পোষা প্রাণীর যত্ন-বিভিন্ন শ্রেণির পণ্য এখন হাতের নাগালে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রযুক্তির মাধ্যমে মানুষের দৈনন্দিন জীবনকে সহজ করাই তাদের লক্ষ্য। সেই ধারাবাহিকতায় শীর্ষ ব্র্যান্ড, যাচাইকৃত বিক্রেতা এবং নির্ভরযোগ্য সরবরাহসেবার সমন্বয়ে পাঠাও শপ দেশজুড়ে ব্যবহারকারীদের জন্য নিরাপদ ও আস্থাযোগ্য কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে চায়।

পাঠাও শপে অথেনটিক ব্র্যান্ডের পণ্য সরাসরি যাচাইকৃত বিক্রেতাদের কাছ থেকে কেনা যাবে। দেশজুড়ে দ্রুত ও নির্ভরযোগ্য সরবরাহের মাধ্যমে পণ্য পৌঁছে যাবে ক্রেতার ঠিকানায়। একাধিক ব্র্যান্ডের পণ্যে থাকছে সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। নতুন ব্যবহারকারীরা প্রথম অর্ডারে পাবেন আকর্ষণীয় ৫০ শতাংশ মূল্যছাড়। এ ছাড়া কেনাকাটা শেষে পাঠাও পে-এর মাধ্যমে মূল্য পরিশোধ করলে অতিরিক্ত ১০ শতাংশ মূল্যছাড় হিসেবে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত অর্থফেরত সুবিধাও মিলবে।

যেভাবে অর্ডার করবেন

পাঠাও শপ থেকে অর্ডার করতে হলে প্রথমে পাঠাও অ্যাপ খুলে সব বিভাগে যেতে হবে। এরপর সেবার তালিকা থেকে শপ নির্বাচন করতে হবে। পছন্দের শ্রেণি বা পণ্য খুঁজে নিয়ে ঝুড়িতে যোগ করা বা সরাসরি কেনার অপশন বেছে নেওয়া যাবে। অর্ডার পর্যালোচনা শেষে নিশ্চিত করে নগদ অর্থে সরবরাহের সময় পরিশোধ অথবা অনলাইন পরিশোধের মাধ্যমে মূল্য দেওয়া যাবে।

রাইড শেয়ারিং, খাবার সরবরাহ ও পণ্য পরিবহনের পর পাঠাও শপ চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি এখন দৈনন্দিন প্রয়োজনের পূর্ণাঙ্গ সমাধান দেওয়ার লক্ষ্য নিয়েছে। যাতায়াত, সরবরাহ, খাবার কিংবা কেনাকাটা- সব সেবা এখন এক প্ল্যাটফর্মে পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ