বুধবার; ০৪ ফেব্রুয়ারি ২০২৬; ২১ মাঘ ১৪৩২

স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হতে ইন্টারনেট ব্যসায়ে আসছে ব্লু অরিজিন ছবি: এআই দিয়ে তৈরি

স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হতে ইন্টারনেট ব্যসায়ে আসছে ব্লু অরিজিন

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১১:২৯, ২৬ জানুয়ারি ২০২৬

কৃত্রিম উপগ্রহের মাধ্যমে বৈশ্বিক ইন্টারনেট সেবায় আধিপত্য বিস্তার করা ইলন মাস্কের স্টারলিংকের প্রতিদ্বন্দ্বী হতে মাঠে নামছে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ব্লু অরিজিন।

স্টারলিংকের আদলে স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালুর লক্ষ্যে টেরাওয়েভ নামের একটি প্রকল্প হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। ব্লু অরিজিন জানিয়েছে, দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিত করতে আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর নিম্ন ও মধ্যম কক্ষপথে মোট ৫ হাজার ৪০৮টি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে।

একাধিক কক্ষপথে স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ে তোলার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ব্লু অরিজিনের তথ্য অনুযায়ী, টেরাওয়েভ প্রকল্পের প্রথম ধাপের স্যাটেলাইট উৎক্ষেপণ শুরু হতে পারে ২০২৭ সালের শেষ প্রান্তিকে। এত দিন প্রতিষ্ঠানটি মূলত উৎক্ষেপণ যান, পুনর্ব্যবহারযোগ্য রকেট এবং মহাকাশ অবকাঠামো উন্নয়নে কাজ করলেও এই প্রকল্পের মাধ্যমে প্রথমবারের মতো সরাসরি তথ্য ও যোগাযোগ সেবার খাতে প্রবেশ করছে তারা।

তবে স্টারলিংকের মতো ব্যক্তিগত ব্যবহারকারী বা ছোট ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য নয়, বরং বড় করপোরেট প্রতিষ্ঠান, ডেটা সেন্টার ও সরকারি সংস্থাগুলোকে লক্ষ্য করেই এই সেবা চালু করতে চায় ব্লু অরিজিন। বিশেষ করে যেসব অঞ্চলে ফাইবার অপটিক নেটওয়ার্ক স্থাপন ব্যয়বহুল, প্রযুক্তিগতভাবে জটিল বা সময়সাপেক্ষ, সেখানে টেরাওয়েভ কার্যকর বিকল্প হিসেবে কাজ করবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

ব্লু অরিজিনের দাবি, তাদের স্যাটেলাইট নেটওয়ার্ক থেকে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ৬ টেরাবিট পর্যন্ত তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে।

এমএএইচ

শেয়ার করুনঃ