বুধবার; ১১ মার্চ ২০২৬; ২৭ ফাল্গুন ১৪৩২

হোস্টিং ডটকমের যাত্রা, ডিজিটাল ইকোসিস্টেমে নতুন সম্ভাবনার দ্বার ছবি- সংগৃহীত

হোস্টিং ডটকমের যাত্রা, ডিজিটাল ইকোসিস্টেমে নতুন সম্ভাবনার দ্বার

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৬:২৩, ১৫ জানুয়ারি ২০২৬

বিশ্বখ্যাত হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান হোস্টিং ডটকম বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে। বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কার্যক্রমের উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের পক্ষ থেকে হোস্টিং ডটকমকে স্বাগত জানিয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হওয়ার ফলে সার্ভার অবকাঠামো, ক্লাউডভিত্তিক সমাধান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) এবং ডোমেইন ব্যবসাসহ বিভিন্ন ডিজিটাল সেবা নতুন গতি পাবে। এতে বাজারে প্রতিযোগিতা বাড়বে, মানসম্মত সেবার বিস্তার ঘটবে এবং ব্যবহারকারীদের জন্য ইতিবাচক অভিজ্ঞতা ও নতুন সম্ভাবনার দুয়ার খুলে যাবে।

তিনি আরও বলেন, হোস্টিং ডটকমের উপস্থিতি দেশে একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং জ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের পরিসরকে আরও বিস্তৃত করতে সহায়ক হবে।

অনুষ্ঠানে হোস্টিং ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সেব দে লেমোস বলেন, বাংলাদেশি গ্রাহকদের কাছ থেকে দাম ও প্যাকেজ নিয়ে আমরা ব্যাপক ফিডব্যাক পেয়েছি এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। খুব শিগগিরই স্থানীয় গ্রাহকদের জন্য বিশেষ মূল্য ও প্যাকেজ সুবিধা চালু করা হবে। প্রতিটি দেশের নিজস্ব সংস্কৃতি ও চাহিদা রয়েছেহোস্টিং ডটকম সেই বিষয়গুলো মাথায় রেখেই সেবা প্রদান করবে।

তিনি জানান, বর্তমানে হোস্টিং ডটকমের অবকাঠামোয় ৩০ লাখের বেশি ওয়েবসাইট সক্রিয় রয়েছে, প্রতি ১৫ সেকেন্ডে নতুন একটি ওয়েবসাইট যুক্ত হচ্ছে এবং বিশ্বের ২০টির বেশি ডাটা সেন্টার ও এক হাজারেরও বেশি বিশেষজ্ঞের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দ্রুত, স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করছে।

হোস্টিং ডটকমের বাংলাদেশ অপারেশন ম্যানেজার ইমরান হোসেন বলেন, হোস্টিং ডটকমের বৈশ্বিক মানের হোস্টিং ও ডাটা অবকাঠামো বাংলাদেশি উদ্যোক্তা, স্টার্টআপ এবং ডিজিটাল ব্যবসার জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে। এর মাধ্যমে স্থানীয় প্রযুক্তি ইকোসিস্টেম আরও শক্তিশালী হবে এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও জানানো হয়, বাংলাদেশি গ্রাহকদের জন্য বাংলা ভাষায় কাস্টমার সেবা, স্থানীয় মুদ্রায় মূল্য পরিশোধের সুবিধা এবং সাশ্রয়ী মূল্যে হোস্টিং সেবা নিশ্চিত করবে হোস্টিং ডটকম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী প্রমুখ।

এমএএইচ

শেয়ার করুনঃ