শনিবার; ২৮ ফেব্রুয়ারি ২০২৬; ১৫ ফাল্গুন ১৪৩২

এমভিএনও প্রকল্প স্থগিত করলো বিটিসিএল ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

এমভিএনও প্রকল্প স্থগিত করলো বিটিসিএল

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ০০:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সেবা পরীক্ষামূলকভাবে চালুর কার্যক্রম স্থগিত করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিসিএল জানায়, অনিবার্য কারণবশত এমভিএনও সেবা পরীক্ষামূলকভাবে চালুর কার্যক্রম স্থগিত করা হয়েছে। এমভিএনও সিম বাজারজাতকরণ সম্পর্কে গ্রাহকদের পরবর্তীতে অবহিত করা হবে বলে জানানো হয়।

নতুন এই প্রযুক্তি চালুতে নেতৃত্ব দেওয়া সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এক ফেসবুক পোস্টে বলেছেন, এটি ছিল জিরো বাজেটের একটি ইনহাউজ প্রকল্প।  শুরুতে টেলিটক বাংলাদেশ লিমিটেড–এর নেটওয়ার্ক ব্যবহার করে শূন্য ব্যয়ে পাইলট কার্যক্রম চালানো এবং পরে বাংলালিংক–এ যাওয়ার পরিকল্পনা ছিল।

তিনি বলেন, রাজনৈতিক সরকার নিজেদের বিবেচনায় সিদ্ধান্ত নেবে, এতে কিছু হতাশা তৈরি হতে পারে। তবে এ প্রকল্পের মাধ্যমে দলটি নতুন প্রযুক্তির প্রভিশনিং প্রক্রিয়া সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে, যা ভবিষ্যতে কাজে লাগবে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে বিটিসিএলের এমভিএনও সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্টসমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজ রাজধানীর রমনা, গুলিস্তান ও গুলশানের বিক্রয়কেন্দ্রে চালুর কথা ছিল।  পরে তারিখ পিছিয়ে ২৭ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়।

গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় বিটিসিএলের কার্যালয়ে প্রথমবারের মতো এমভিএনও মডেলে আনলিমিটেড কোয়াড-প্লে সেবার পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রসঙ্গত, এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই সেবা দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে বিটিসিএল, টেলিটকের নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের সেবা দেওয়ার পরিকল্পনা করেছিল।

উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর সরকার বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেয়।

এমএএইচ

শেয়ার করুনঃ