বৃহস্পতিবার; ২৬ ফেব্রুয়ারি ২০২৬; ১৩ ফাল্গুন ১৪৩২

সেমিকন্ডাক্টর গবেষণায় নতুন দিগন্ত: ২ সমঝোতা স্মারক স্বাক্ষরিত ছবি- সংগৃহীত

সেমিকন্ডাক্টর গবেষণায় নতুন দিগন্ত: ২ সমঝোতা স্মারক স্বাক্ষরিত

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৬:১৬, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশে সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও সুবিধা ব্যবহারের সক্ষমতা বৃদ্ধির জন্য দুটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রথমটি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন, সেন্টার অব রিসার্চ এক্সেলেন্স ইন সেমিকন্ডাক্টর টেকনোলজি (ক্রেস্ট) এবং নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের মধ্যে; অন্যটি স্বাক্ষরিত হয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, ক্রেস্ট এবং নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড-এর মধ্যে।

সম্মেলনে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। স্বাক্ষর করেন ড. এম. মঈনুল ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন; ড. সামিনা আহমেদ, চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ; এম. এ. জব্বার, সভাপতি, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও ব্যবস্থাপনা পরিচালক, নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেড; এবং অধ্যাপক মোস্তফা হোসেন, কনভেনর, ক্রেস্ট।

সমঝোতা স্মারকের মাধ্যমে অনুমোদিত গবেষণা প্রকল্প বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সুবিধা ব্যবহার করে বাস্তব পরীক্ষা-নিরীক্ষা, ফ্যাব্রিকেশন, চরিত্রায়ন ও সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রম পরিচালনা করতে পারবে। শিক্ষার্থী ও গবেষকরা যৌথ প্রকল্পে অংশ নিতে, তত্ত্বাবধানে শিক্ষার সুযোগ পেতে এবং মানবসম্পদ উন্নয়নে অবদান রাখতে পারবেন। সুবিধা পরিচালনা ও নিরাপত্তা তদারকি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধীনে থাকবে।

বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসেন অনুষ্ঠানে বলেন, এই উদ্যোগ সরকার, শিল্প ও একাডেমিয়ার যৌথ প্রচেষ্টার মাধ্যমে সেমিকন্ডাক্টর শিল্পের গবেষণা ও উন্নয়নে নতুন সুযোগ সৃষ্টি করবে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান বলেন, কমিশনের ইতিমধ্যেই স্থাপিত সুবিধাগুলো শিল্প ও একাডেমিয়ার জন্য আরও কার্যকরভাবে ব্যবহারযোগ্য হবে। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান ড. সামিনা আহমেদ বলেন, শিল্প ও একাডেমিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নিউরাল সেমিকন্ডাক্টর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. জব্বার বলেন, এই সমঝোতা স্মারক জাতীয় গবেষণা অবকাঠামোকে সেমিকন্ডাক্টর উদ্ভাবনের জন্য আরও সহজপ্রাপ্য ও কার্যকর করবে। বাংলাদেশের গবেষণা সুবিধাগুলোকে ক্রেস্ট সমন্বিত কর্মসূচির সঙ্গে যুক্ত করার মাধ্যমে শিল্প ও একাডেমিয়া আরও ফলপ্রসূভাবে একসঙ্গে কাজ করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এম. ই. চৌধুরী শামীম, বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, মুনির আহমেদ, পরিচালক প্রমুখ।

এমএএইচ

শেয়ার করুনঃ