এপ্রিলে ঢাকায় ‘ব্রডব্যান্ড এক্সপো’
Published : ১৬:০১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
দেশে আগামী মাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রডব্যান্ড এক্সপো। আগামী ২-৪ এপ্রিল রাজধানীর শের-ই-বাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩ দিনব্যাপী এই প্রদর্শনী চলবে। প্রদর্শনীর অয়োজক দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি। প্রদর্শনীতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি, সেবা এবং বিভিন্ন আইএসপির অফার প্রদর্শন করা হবে। এক্সপোতে থাকবে একাধিক সেমিনার ইত্যাদি।
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে শুরু থেকেই মোবাইল ইন্টারনেটের প্রাধান্য বেশি। তবে টেলিমেডিসিন, ই-এডুকেশন, নজরদারি কিংবা ঘরোয়া নিরাপত্তা ব্যবস্থার মতো সেবায় নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করতে ফিক্সড ব্রডব্যান্ডের কোনও বিকল্প নেই বলে মনে করেন দেশের ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম। তিনি বলেন, উচ্চগতির ও স্থিতিশীল সংযোগ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, আইওটি এবং বহুসেবা নির্ভর ডিজিটাল জীবনযাপন টেকসই করা কঠিন। এ প্রেক্ষাপটে আগামী ২, ৩ ও ৪ এপ্রিল আয়োজন করা হচ্ছে ‘ব্রডব্যান্ড এক্সপো-২০২৬’। তিনি মনে করেন, অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গঠনে ফিক্সড ব্রডব্যান্ডের প্রসার বাড়াতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্রডব্যান্ড এক্সপো আয়োজকরা জানান, দেশে ফিক্সড ব্রডব্যান্ডের প্রসার (পেনিট্রেশন) এখনও প্রত্যাশিত নয়। অথচ ঘরোয়া নিরাপত্তা, স্মার্ট ডিভাইস ব্যবস্থাপনা, আইওটি-নির্ভর সেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সমাধান ব্যবহারে নিরবচ্ছিন্ন ব্রডব্যান্ড সংযোগ প্রয়োজন। মহামারির সময়ও দেখা গেছে, দূরশিক্ষা ও দূরচিকিৎসায় স্থিতিশীল সংযোগের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
প্রদর্শনীতে জাতীয় পর্যায়ের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আলাদা স্টল বরাদ্দ থাকবে, যেখানে তারা এলাকাভিত্তিক সেবা ও প্যাকেজ তুলে ধরতে পারবেন। নতুন প্রযুক্তি, সেবা ও প্যাকেজ উন্মোচনের মাধ্যমে প্রান্তিক গ্রাহকেরাও উপকৃত হবেন বলে আশা আয়োজকদের।

আয়োজকদের মতে, ইন্টারনেট খাত একটি জ্ঞানভিত্তিক শিল্প। তাই এক্সপোকে কেন্দ্র করে জ্ঞান বিনিময়কে গুরুত্ব দেওয়া হয়েছে। তিন দিনের কর্মসূচির মধ্যে প্রথম দিন উদ্বোধন, দ্বিতীয় দিন দুটি সেমিনার এবং শেষ দিন সমাপনী আয়োজন থাকবে।
সেমিনারে খাতসংশ্লিষ্ট ব্যবসায়ী, প্রযুক্তি সরবরাহকারী ও বিশেষজ্ঞরা অংশ নেবেন। সেখানে ফিক্সড ব্রডব্যান্ড শিল্পের ভবিষ্যৎ, নীতিগত চ্যালেঞ্জ, অবকাঠামো উন্নয়ন এবং নতুন প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হবে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন শিল্পসংশ্লিষ্ট সবার জন্য একটি কার্যকর নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এক্সপোতে ইন্টারনেটনির্ভর বিভিন্ন সেবা ও পণ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে। আইওটি ডিভাইস, নেটওয়ার্ক সুরক্ষা সমাধান, স্মার্ট হোম প্রযুক্তি এবং ব্রডব্যান্ডভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী সেবা তুলে ধরা হবে দর্শনার্থীদের সামনে।
সার্বিকভাবে, ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করতে এবং ফিক্সড ব্রডব্যান্ড শিল্পকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে ‘ব্রডব্যান্ড এক্সপো ২০২৬’ তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
এমএএইচ














