স্বচ্ছতা ও জবাবদিহি হবে আইসিটি খাতের মূল মন্ত্র: ফকির মাহবুব আনাম
Published : ১৪:৩৫, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
নবনিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিই হবে আইসিটি খাতের মূল মন্ত্র। রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তিনি বলেন, আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। সরকার যে নীতিমালা নির্ধারণ করবে, তা বাস্তবায়নে কর্মকর্তাদের পেশাদারত্ব ও আন্তরিকতা অপরিহার্য।
আইসিটি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রী বলেন, আইসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খাত। দেশের প্রতিটি উপজেলা পর্যায়ে আইসিটি সেবা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের জন্য প্রযুক্তির সুবিধা সহজলভ্য করা সরকারের অগ্রাধিকার। তিনি কর্মকর্তাদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। তার ভাষায়, “চলুন আমরা একসঙ্গে কাজ করি।”
নতুন সরকার কাজের মাধ্যমেই জনগণের আস্থা অর্জন করতে চায় উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দৃশ্যমান অগ্রগতি ও কার্যকর উদ্যোগের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করা হবে।
মন্ত্রী আরও বলেন, নতুন ভিশন ও নীতির আলোকে স্বচ্ছ ও গতিশীল পরিবেশে আইসিটি খাতকে এগিয়ে নেওয়াই তার লক্ষ্য।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী নবনিযুক্ত মন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, আইসিটি বিভাগ দেশের ডিজিটাল রূপান্তরের কেন্দ্র হিসেবে কাজ করছে। বিভাগটি আইসিটি আইন ও নীতি প্রণয়ন, ডাটা সেন্টার ও হাইটেক পার্ক স্থাপন, ৪৫০টির বেশি ডিজিটাল সেবা প্রদান, স্টার্টআপ ও উদ্ভাবন সহায়তা, সাইবার নিরাপত্তা জোরদার এবং দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে।
তিনি বলেন, মন্ত্রীর দিকনির্দেশনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে সরকারের নীতিমালা বাস্তবায়নে বিভাগ একযোগে কাজ করবে।
অনুষ্ঠানে আইসিটি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমএএইচ












