সোমবার; ১৬ ফেব্রুয়ারি ২০২৬; ৩ ফাল্গুন ১৪৩২

স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ প্রযুক্তি যোগের ভাবনা মেটার ছবি: এআই/ইনফোটেকইনসাইট.কম

স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ প্রযুক্তি যোগের ভাবনা মেটার

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নিজেদের তৈরি স্মার্ট চশমায় চেহারা শনাক্তকরণ (ফেশিয়াল রিকগনিশন) প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা করছে মেটা। এ লক্ষ্যে নেম ট্যাগ নামে একটি নতুন সুবিধা নিয়ে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিটি যুক্ত হলে স্মার্ট চশমা সামনে থাকা ব্যক্তির মুখ শনাক্ত করে অনলাইন তথ্যভাণ্ডার থেকে তার নাম ও পরিচয় সংগ্রহ করে ব্যবহারকারীকে জানাতে পারবে। ফলে ভিড়ের মধ্যেও নির্দিষ্ট কাউকে খুঁজে পাওয়া সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই এটি চালু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

তবে এ ধরনের প্রযুক্তি ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করতে পারে বলে মত দিয়েছেন সমালোচকরা। ব্যবহারকারী ও সাধারণ মানুষের তথ্য সুরক্ষা নিশ্চিত না হলে অপব্যবহারের ঝুঁকি বাড়তে পারে। এ কারণে প্রযুক্তিটি কীভাবে এবং কোন শর্তে উন্মুক্ত করা হবে, তা নিয়ে গত বছর থেকে আলোচনা করছে মেটা। বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

মেটার অভ্যন্তরীণ নথি অনুযায়ী, শুরুতে দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য আয়োজিত একটি সম্মেলনে অংশগ্রহণকারীদের মধ্যে পরীক্ষামূলকভাবে নেম ট্যাগ সুবিধা চালুর পরিকল্পনা ছিল। পরবর্তীতে তা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করার কথা ভাবা হলেও উদ্যোগটি শেষ পর্যন্ত বাস্তবায়ন হয়নি।

এর আগে ২০২১ সালে রে-ব্যান স্মার্ট চশমার প্রথম সংস্করণে চেহারা শনাক্তকরণ প্রযুক্তি যুক্ত করার উদ্যোগ নিয়েছিল মেটা। কিন্তু প্রযুক্তিগত জটিলতা ও নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কারণে সে পরিকল্পনা থেকে সরে আসে প্রতিষ্ঠানটি।

বর্তমানে মেটার স্মার্ট চশমা দিয়ে ছবি তোলা, গান শোনা এবং ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদান করা যায়। সাম্প্রতিক সময়ে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের ঘনিষ্ঠতা বাড়ার প্রেক্ষাপটে আবারও এ প্রযুক্তি যুক্ত করার উদ্যোগ নিয়েছে মেটা।

সূত্র: টেকক্রাঞ্চ

এমএএইচ

শেয়ার করুনঃ