সেমিকন্ডাক্টর খাতে ৩,৫০০ জনকে প্রশিক্ষণ দেবে বিএসআইএ-এসআইসিআইপি
Published : ১৫:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৬
সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষ জনবল গড়ে তুলতে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পেটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)–এর সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)।
মঙ্গলবার ঢাকায় এ চুক্তি সই হয়। এসআইসিআইপির নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন এবং বিএসআইএ’র সভাপতি এম এ জব্বার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তির আওতায় তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল (ইইই), ইলেকট্রনিকস ও কমিউনিকেশনস প্রকৌশল (ইসিই), কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) এবং ফলিত পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে স্নাতক সম্পন্ন ৩ হাজার ৫০০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।
ছয়টি বিশেষায়িত কোর্সের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। কোর্সগুলো হলো- আইসি ডিজাইন ও লেআউট ইঞ্জিনিয়ারিং, অ্যাডভান্সড ফিজিক্যাল ডিজাইন প্রোগ্রাম, অ্যাপ্লায়েড সেমিকন্ডাক্টর সিস্টেমস, স্মার্ট সিস্টেমস ইঞ্জিনিয়ারিং এবং প্যাকেজিং অ্যান্ড টেস্টিং। প্রতিটি কোর্সের মেয়াদ হবে তিন মাস বা ২৪০ ঘণ্টা।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ১৪ লাখ টাকা। বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত।
অনুষ্ঠানে মোহাম্মদ ওয়ালিদ হোসেন উচ্চমানের প্রশিক্ষণ নিশ্চিত করা, কার্যকর মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা এবং প্রশিক্ষণপ্রাপ্তদের অন্তত ৬৫ শতাংশের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শিল্পখাতের সঙ্গে ঘনিষ্ঠ সংযোগের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব হবে।
এম এ জব্বার এসআইসিআইপিকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই উদ্যোগ বাংলাদেশের সেমিকন্ডাক্টর খাতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে উন্নত ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর সেবাখাতের প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
বিএসআইএর পক্ষ থেকে অনুষ্ঠানে জ্যেষ্ঠ সহসভাপতি এম ই চৌধুরী শামীম, পরিচালক মুনির আহমেদ এবং সচিব হাশিম আহম্মদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এসআইসিআইপি কর্মসূচিটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় প্রকল্পটি পরিচালিত হবে।
এমএএইচ












