নগদ উদ্যোক্তাদের সন্তানদের কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা
Published : ১৪:০৭, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
দেশজুড়ে ছড়িয়ে থাকা তিন লাখের বেশি উদ্যোক্তার সন্তানদের নিয়ে পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে নগদ। ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ শিরোনামের এ আয়োজন করছে নগদ ইসলামিক।
আয়োজকদের ভাষ্য, পবিত্র রমজান মাসের তাৎপর্য শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। ইতিমধ্যে প্রতিযোগিতাটি নগদ উদ্যোক্তাদের সন্তানদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
প্রতিযোগিতা তিনটি বয়সভিত্তিক বিভাগে অনুষ্ঠিত হচ্ছে। তিন থেকে ছয় বছর বয়সীরা প্রথম বিভাগে অংশ নিতে পারবে। দ্বিতীয় বিভাগে থাকবে ছয় থেকে ১১ বছর বয়সী শিশুরা। আর ১১ থেকে ১৬ বছর বয়সীরা অংশ নেবে তৃতীয় বিভাগে।
অংশগ্রহণের জন্য উদ্যোক্তাদের নিজ সন্তানের এক থেকে দুই মিনিটের কুরআন তিলাওয়াতের ভিডিও ধারণ করে নির্ধারিত গুগল ফর্মের মাধ্যমে জমা দিতে হবে। ভিডিও আপলোডের সময় প্রয়োজনীয় তথ্যও দিতে হবে। দেশকে ব্যবসায়িক কার্যক্রমের সুবিধার্থে ভাগ করা ১০টি অঞ্চলের উদ্যোক্তাদের সন্তানরা নিজ নিজ এলাকা থেকেই এতে অংশ নিতে পারছে।
গত ৫ ফেব্রুয়ারি প্রতিযোগিতা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত তিন হাজারের বেশি উদ্যোক্তার সন্তান অংশগ্রহণ নিশ্চিত করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিদিনই নিবন্ধনের সংখ্যা বাড়ছে।
প্রাপ্ত ভিডিওগুলো নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির তত্ত্বাবধানে যাচাই–বাছাই করা হবে। প্রথম ধাপে প্রতিটি অঞ্চলের প্রতিটি বয়স বিভাগ থেকে তিনজন করে মোট ৯০ জনকে বাছাই করা হবে। এর মধ্যে প্রতিটি অঞ্চলের প্রতিটি বিভাগের প্রথম স্থান অধিকারী ৩০ জন ঢাকায় নগদের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে অংশ নেবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ৬০ জনকে দেওয়া হবে বিশেষ সনদ।
চূড়ান্ত পর্বে প্রতিটি বয়স বিভাগ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী—মোট ৯ জন জাতীয় পর্যায়ের বিজয়ী নির্বাচিত হবে। তাদের নগদ অর্থ পুরস্কার, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। ফাইনালিস্টদের সঙ্গে একজন করে অভিভাবককে সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে।
নগদ ইসলামিকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, আগের আয়োজনের সাফল্যের ধারাবাহিকতায় উদ্যোক্তাদের সন্তানদের জন্য আবারও এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি শিশুদের শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখায় সহায়তা করবে। ছোটবেলা থেকেই তাদের মনে ভালো কাজের প্রতি আগ্রহ তৈরি হবে এবং তারা সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে ওঠার অনুপ্রেরণা পাবে।
এমএএইচ















