শনিবার; ২৮ ফেব্রুয়ারি ২০২৬; ১৫ ফাল্গুন ১৪৩২

চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মাহবুব আনামের ছবি: সংগৃহীত

চাঁদাবাজি-টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মাহবুব আনামের

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ২৩:৫১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবৈধ দখল কোনোভাবেই বরদাস্ত করা হবে না।  দলীয় পরিচয় থাকলেও কাউকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  আইসিটি বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, সরকার দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসন গড়ে তুলতে বদ্ধপরিকর।  কোনও ব্যক্তি বা গোষ্ঠী প্রভাব খাটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  প্রশাসনিক কাজে অনিয়ম, স্বজনপ্রীতি বা দলীয় প্রভাব যেন না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

ফকির মাহবুব আনাম প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে জনগণের প্রত্যাশা পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

মন্ত্রী মাদকবিরোধী কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও ইন্টারনেটভিত্তিক অপরাধ- বিশেষ করে অনলাইন জুয়া থেকে রক্ষা করতে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে।  এ ক্ষেত্রে পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সহযোগিতা চান তিনি।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সরকার জনবান্ধব হতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে টাঙ্গাইলকে আদর্শ জেলা হিসেবে গড়ে তোলার কথাও বলেন তিনি।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক–এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএএইচ

শেয়ার করুনঃ