বিশেষ সহকারী পদ ছেড়ে দেশ ত্যাগ করেছেন ফয়েজ আহমেদ তৈয়্যব
Published : ১১:০২, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন ফয়েজ আহমেদ তৈয়্যব। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে বিদেশের উদ্দেশ্যে রওনা হন।
বিমানবন্দরের ইমিগ্রেশন–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন করে তিনি দেশত্যাগ করেন। সংশ্লিষ্ট সূত্রের দাবি, দেশ ছাড়ার আগে তিনি মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এবং দায়িত্ব থেকে অব্যাহতির জন্য পদত্যাগপত্র জমা দেন। অপর একটি সূত্র বলছে, তিনি ৫ দিনের ছুটিতে দেশের বাইরে গিয়েছেন।
ফয়েজ আহমেদ তৈয়্যব ২০২৫ সালের ৫ মার্চ প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান। দায়িত্ব গ্রহণের পর তিনি নীতি–সহায়তা ও সমন্বয়মূলক বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। এর আগে ২০২৪ সালের নভেম্বরে তিনি আইসিটি পলিসি অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পান। প্রযুক্তি ও নীতিনির্ধারণ–সংক্রান্ত বিষয়ে তার সম্পৃক্ততা ছিল উল্লেখযোগ্য।
পেশাগত জীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেন। তথ্যপ্রযুক্তি ও নীতি–পরিকল্পনা খাতে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাকে সরকারের উপদেষ্টা কাঠামোয় যুক্ত করা হয়েছিল।
তার পদত্যাগের কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রশাসনিক সূত্র বলছে, ব্যক্তিগত ও পেশাগত কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।
ফয়েজ আহমেদ তৈয়্যবের পদত্যাগ ও দেশত্যাগের ঘটনাকে ঘিরে প্রশাসনিক মহলে আলোচনা তৈরি হয়েছে।
এমএএইচ














