২২ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ভ্যাট রিটার্ন জমার সুযোগ
Published : ১৪:২৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
অনলাইনে ভ্যাট রিটার্ন জমার সময়সীমা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার রাতে (১৫ ফেব্রুয়ারি) জারি করা এক আদেশে সংস্থাটি এ সিদ্ধান্ত জানায়।
এনবিআরের ভ্যাট বিভাগ জানায়, পবিত্র শব-ই- বরাত ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি এবং ১৫ ফেব্রুয়ারি সার্ভার ডাউন থাকার কারণে নির্ধারিত সময়ের মধ্যে অনেক প্রতিষ্ঠান রিটার্ন জমা দিতে পারেনি।
প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে আগের মাসের বেচাকেনার তথ্য দিয়ে ভ্যাট রিটার্ন দাখিল করার বিধান রয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় অনলাইনে রিটার্ন দাখিলের সময় বাড়িয়ে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর ধারা ৬৪-এর উপধারা (১ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ সময় বৃদ্ধি করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
এনবিআর সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করলে বিলম্ব ফি ও আর্থিক জরিমানার বিধান রয়েছে। সার্ভার জটিলতার কারণে করদাতারা যাতে অযথা জরিমানার মুখে না পড়েন, সে বিষয়টি বিবেচনায় নিয়েই সময় বাড়ানো হয়েছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার। তবে এসব প্রতিষ্ঠানের বড় একটি অংশ নিয়মিত রিটার্ন দাখিল করে না।
এমএএইচ















