জুনেই আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭
Published : ১৮:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
গুগল তাদের পরবর্তী মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ১৭–এর রিলিজ শিডিউল ত্বরান্বিত করেছে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের জুনেই স্টেবল সংস্করণ উন্মুক্ত হতে পারে।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট নাইনটুফাইভগুগল -এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের মতো আলাদা ডেভেলপার প্রিভিউ ধাপ না রেখে এবার কন্টিনিউয়াস অ্যান্ড্রয়েড ক্যানারি চ্যানেলের মাধ্যমেই উন্নয়ন কার্যক্রম চলছে। ইতিমধ্যে বেটা-১ সংস্করণ ডেভেলপার ও আর্লি অ্যাডপ্টারদের জন্য ওভার–দ্য–এয়ার (ওটিএ) আপডেট হিসেবে উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে আরও বেটা সংস্করণ প্রকাশ করা হবে।
গুগল জানিয়েছে, মার্চ মাসেই ‘প্ল্যাটফর্ম স্টেবিলিটি’ মাইলস্টোনে পৌঁছানোর লক্ষ্য রয়েছে। এ সময় ফাইনাল এসডিকে ও এনডিকে এপিআইসহ অ্যাপ–সংক্রান্ত আচরণ (অ্যাপ-ফেসিং বিহেভিয়ার) স্থিতিশীল করা হবে, যাতে ডেভেলপাররা চূড়ান্ত সংস্করণের জন্য অ্যাপ প্রস্তুত করতে পারেন।
প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল ও মে মাসে তিনটি বড় বেটা রিলিজ আসতে পারে। এগুলো কিউপিআর (কোয়ার্টারলি প্ল্যাটফর্ম রিলিজ) সাইকেলের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকাশ করা হবে।
গুগল বলেছে, “আমরা এই বেটা থেকে দ্রুত প্ল্যাটফর্ম স্টেবিলিটি মাইলস্টোনের দিকে এগোচ্ছি, যা মার্চে নির্ধারিত।” আপডেটটি ডেটা ওয়াইপ ছাড়াই অপট-আউট সুবিধাসহ দেওয়া হবে বলে জানা গেছে।
ত্বরান্বিত এই সময়সূচি অ্যান্ড্রয়েড উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে ডেভেলপাররা দ্রুত এসডিকে হাতে পাবেন এবং ব্যবহারকারীরা জুন থেকেই নতুন ফিচার উপভোগ করতে পারবেন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও পারফরম্যান্স উন্নয়নে জোর দিচ্ছে গুগল।
এমএএইচ















