শুক্রবার; ২৭ ফেব্রুয়ারি ২০২৬; ১৪ ফাল্গুন ১৪৩২

টেলিকম মন্ত্রী ও উপদেষ্টার সাথে এমটবের বৈঠক ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টেলিকম মন্ত্রী ও উপদেষ্টার সাথে এমটবের বৈঠক

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৫:৩৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (এমটব) সভাপতি ও গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের নেতৃত্বে মোবাইল অপারেটরগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিনিধিদলে আরও ছিলেন সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি ও রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াদ সাতারা, সহসভাপতি ও বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োহান বুসে, মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার (অব.), বাংলালিংকের করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক প্রধান তাইমুর রহমান, গ্রামীণফোনের করপোরেট বিষয়ক প্রধান তানভীর মোহাম্মদ, রবি আজিয়াটার করপোরেট ও নিয়ন্ত্রক বিষয়ক প্রধান সাহেদ আলম, গ্রামীণফোনের অংশীজন সম্পর্ক প্রধান আহমেদ আসিফ এবং রবি আজিয়াটার করপোরেট ও টেকসই উন্নয়ন বিভাগের পরিচালক শরীফ শাহ জামাল রাজ।

সংক্ষিপ্ত এ সাক্ষাতে সংগঠনের নেতারা নতুন নেতৃত্বকে দেশের টেলিযোগাযোগ খাতের সামগ্রিক চিত্র, জাতীয় উন্নয়নে খাতটির অবদান এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের উন্নয়ন লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামীতে যৌথভাবে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছেন।

এমএএইচ

শেয়ার করুনঃ