বুধবার; ০৪ মার্চ ২০২৬; ১৯ ফাল্গুন ১৪৩২

অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নে প্রস্তাব চাইল এনবিআর, পাঠাতে হবে মেইলে ছবি: এআই/ইনফোটেকইনসাইট.কম

অংশগ্রহণমূলক বাজেট প্রণয়নে প্রস্তাব চাইল এনবিআর, পাঠাতে হবে মেইলে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:০৭, ৩ মার্চ ২০২৬

আসন্ন ২০২৬২৭ অর্থবছরের বাজেট প্রণয়নকে অংশগ্রহণমূলক, গণমুখী ও করদাতাবান্ধব করতে বিভিন্ন চেম্বার, ব্যবসায়ী সংগঠন ও পেশাজীবী প্রতিষ্ঠানের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

মঙ্গলবার (৩ মার্চ) এনবিআরের প্রধান বাজেট সমন্বয়কারীর দপ্তর থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, কাগজে লিখিত প্রস্তাবের পাশাপাশি একটি সফটকপিও ইমেইলে পাঠাতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব প্যাডে প্রস্তাব লিখে সরাসরি এনবিআর বরাবর পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যেসব প্রতিষ্ঠান বা সংস্থা কোনও চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি নির্ধারিত ইমেইল ঠিকানায় বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

এনবিআর জানায়, সরকারের রাজস্ব আহরণভিত্তিক বাজেট প্রণয়নে তারা নিয়মিতভাবে করদাতা, শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও বুদ্ধিজীবীদের মতামত নিয়ে থাকে। এবারও ২০২৬২৭ অর্থবছরের রাজস্ব আহরণ কার্যক্রমকে আরও অর্থবহ, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে বাজেট প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের নিজ নিজ বাজেট প্রস্তাব লিখিতভাবে আগামী ১৫ মার্চের মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিএর কাছে পাঠাতে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবের সফটকপি সরাসরি এনবিআরের ই-মেইলেও পাঠাতে হবে বলে জানানো হয়েছে।

এমএএইচ

শেয়ার করুনঃ