নোট ৬০ সিরিজে নতুন অভিজ্ঞতা আনছে ইনফিনিক্স
Published : ১৬:১৬, ৫ মার্চ ২০২৬
ইনফিনিক্স বাংলাদেশ তাদের আসন্ন নোট ৬০ সিরিজ সম্পর্কে নতুন কিছু তথ্য প্রকাশ করেছে। কোম্পানিটি জানিয়েছে, এই সিরিজে থাকবে অ্যাকটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে এবং সম্পূর্ণভাবে নিজের মতো করে সাজিয়ে নেওয়া যায় এমন একটি স্মার্ট ইন্টারফেস। এতে ব্যবহারকারীরা দৈনন্দিন ফোন ব্যবহারে আরও নিয়ন্ত্রণ পাবেন এবং নিজের ব্যক্তিত্ব প্রকাশের সুযোগও বাড়বে।
নোট ৬০ সিরিজে থাকছে শতভাগ কাস্টমাইজেশনের সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী ফোনের অভিজ্ঞতা সাজাতে পারবেন। থিম, লেআউট থেকে শুরু করে বিভিন্ন অন-স্ক্রিন উপাদান-সবকিছুই নিজের মতো করে পরিবর্তন করা যাবে। ইনফিনিক্সের মতে, এই সিরিজে এমন একটি নতুন নকশা ধারণা তুলে ধরা হয়েছে, যেখানে ফোনের নকশা ও ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে প্রযুক্তি একসঙ্গে কাজ করে ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
এই ব্যবস্থার মূল কেন্দ্রে রয়েছে অ্যাকটিভ ম্যাট্রিক্স ডিসপ্লে। এটি একটি ইন্টারঅ্যাকটিভ লাইটিং ইন্টারফেস, যা ব্যবহার না করলে স্থির ও শান্ত থাকে। তবে সক্রিয় হলে তাৎক্ষণিকভাবে নোটিফিকেশন, এলার্ট এবং ছোট ইন্টারঅ্যাকটিভ উপাদান দেখাতে পারে। কল, রিমাইন্ডার বা টাইমারের মতো আপডেটগুলো হালকা আলোর সংকেতের মাধ্যমে দেখা যাবে। এমনকি ফোন সাইলেন্ট মোডে থাকলেও গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ব্যবহারকারীর নজরে আসবে।
ইনফিনিক্স জানায়, এই ব্যবস্থায় ব্যক্তিগতকরণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা নিজেদের মতো করে লাইট সিগনেচার তৈরি করতে পারবেন, স্ক্রলিং ইমোজি ব্যবহার করতে পারবেন কিংবা বিভিন্ন ডাইনামিক প্যাটার্ন নির্বাচন করে নিজের মুড বা ব্যক্তিত্ব প্রকাশ করতে পারবেন।
ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করতে নোট ৬০ সিরিজে যুক্ত করা হয়েছে পিক্সেল পেটস নামের অ্যানিমেটেড ডিজিটাল সঙ্গী। এর মধ্যে রয়েছে কিকি দ্য ক্যাট, উফি দ্য ডগ, সিম্বা দ্য লায়ন এবং লুলু দ্য ইউনিকর্ন। এসব চরিত্র নোটিফিকেশন ও অন্যান্য কার্যক্রমের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে ফোন ব্যবহারে একটি ভিন্নধর্মী আনন্দ যোগ করবে।
এছাড়া অবসরের ছোট মুহূর্তগুলোকে আরও উপভোগ্য করতে অ্যাকটিভ ম্যাট্রিক্স ইন্টারফেসে ডট ড্যাশ এবং স্টার ব্লাস্টের মতো ছোট গেমও খেলা যাবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত বিনোদনের সুযোগ পাবেন।
এমএএইচ















