নেটওয়ার্ক থেকে লাইফস্টাইল- ডিজিটাল সেবাদাতা হতে চায় বাংলালিংক
Published : ১৫:১০, ৪ মার্চ ২০২৬
স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬–এ অংশ নিয়ে বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রার চিত্র তুলে ধরেছে বাংলালিংক। বিশ্বের শীর্ষ প্রযুক্তি ও টেলিকম প্রতিষ্ঠানের সঙ্গে একই মঞ্চে দাঁড়িয়ে প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ডিজিটাল রূপান্তরের পরবর্তী ধাপ নিয়ে নিজেদের পরিকল্পনা উপস্থাপন করে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক নাসদাক-তালিকাভুক্ত বৈশ্বিক ডিজিটাল অপারেটর ভিওন–এর মালিকানাধীন বাংলালিংক জানায়, উদীয়মান বাজারগুলোতে প্রযুক্তিনির্ভর অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিই এখন তাদের মূল লক্ষ্য।
জিএসএমএ আয়োজিত এই সম্মেলনের এবারের প্রতিপাদ্য ছিল ‘দ্য আইকিউ এরা’, যেখানে নেটওয়ার্ক ব্যবস্থাপনা, ডিজিটাল প্ল্যাটফর্ম ও আর্থিক সেবায় এআইয়ের প্রভাব গুরুত্ব পায়। চার দিনব্যাপী আয়োজনে বাংলালিংক ও ভিওনের শীর্ষ কর্মকর্তারা বৈশ্বিক প্রযুক্তি অংশীদার এবং বিশ্বব্যাংক ও ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় ডিজিটাল অবকাঠামো উন্নয়ন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্ভাবনী কাঠামো গুরুত্ব পায়।
সম্মেলনে ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা কান তেরজিওগ্লু বলেন, টেলিকম অপারেটরদের ভবিষ্যৎ প্রাসঙ্গিকতা কেবল সংযোগসেবায় সীমিত নয়; বরং মানুষের দৈনন্দিন জীবনে কার্যকর ডিজিটাল সমাধান পৌঁছে দেওয়াই এখন মূল লক্ষ্য। এআই–নির্ভর সমন্বিত সেবার মাধ্যমে গ্রাহকের কাছে সারাক্ষণ প্রাসঙ্গিক থাকার কৌশল নিয়েই এগোচ্ছে ভিওন।
বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান বুসে বলেন, এআই সংযোজনের মাধ্যমে নেটওয়ার্ক পরিকল্পনা ও সেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। কাস্টমার সাপোর্টে এআইচালিত টুল চালু করা হয়েছে এবং আর্থিক ও লাইফস্টাইলভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম সম্প্রসারণের মাধ্যমে পূর্ণাঙ্গ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলছে।
গত দুই দশকে বাংলালিংক দেশে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করেছে এবং জাতীয় কোষাগারে দিয়েছে ৪ বিলিয়ন ডলারেরও বেশি। বর্তমানে প্রায় ৩ কোটি ৮০ লাখ গ্রাহককে সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এমএএইচ













