জিমেইলে ত্রুটি, গুরুত্বপূর্ণ মেইল চলে যাচ্ছে ভুল ফোল্ডারে
Published : ১৮:০২, ২৫ জানুয়ারি ২০২৬
বিশ্বের জনপ্রিয় ই-মেইল সেবা জি-মেইলের স্প্যাম ডিটেকশন ও ইমেইল ক্লাসিফিকেশন সিস্টেমে সাম্প্রতিক সময়ে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। এতে অনেক ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ইমেইল স্প্যাম ফোল্ডারে চলে যাচ্ছে, আবার স্প্যাম মেইল ইনবক্সে ঢুকে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
গত কয়েকদিন ধরে এই সমস্যা চলছে বলে জানিয়েছেন ব্যবহারকারীরা। শুধু ইনবক্সই নয়, প্রমোশন, সোশ্যাল ও আপডেটস ট্যাবেও ইমেইল ভুলভাবে শ্রেণিবিন্যাস হচ্ছে। ফলে গুরুত্বপূর্ণ বার্তা খুঁজে পেতে ভোগান্তিতে পড়ছেন অনেকেই।
টেকবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে জানানো হয়েছে, বিষয়টি স্বীকার করেছে গুগল। প্রতিষ্ঠানটি জানিয়েছে, জি-মেইলের স্প্যাম ডিটেকশন ও মিসক্লাসিফিকেশন সিস্টেমে সমস্যা শনাক্ত করা হয়েছে এবং দ্রুত সমাধানের জন্য কাজ চলছে।
কয়েকজন ব্যবহারকারী জানিয়েছেন, ব্যাংক স্টেটমেন্ট, অফিসের কাজসংক্রান্ত মেইল, এমনকি টিকিট কনফার্মেশনের মতো গুরুত্বপূর্ণ বার্তাও স্প্যাম ফোল্ডারে চলে যাচ্ছে। গুগলের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক একটি সার্ভার-সাইড আপডেটের কারণেই এই বিভ্রাট তৈরি হয়েছে। ইতোমধ্যে সমস্যার সমাধানে ফিক্স রোলআউট শুরু হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে এবং জি-মেইলের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন উঠছে। তবে গুগল দাবি করেছে, বেশিরভাগ মেইল সঠিকভাবেই পৌঁছাচ্ছে, কেবল কিছু ক্ষেত্রে ভুল শ্রেণিবিন্যাস হচ্ছে।
সমস্যা পুরোপুরি সমাধান না হওয়া পর্যন্ত নিয়মিত স্প্যাম ফোল্ডার পরীক্ষা করার পরামর্শ দিয়েছে গুগল। একই সঙ্গে দ্রুত আপডেট দেওয়ার আশ্বাসও দিয়েছে প্রতিষ্ঠানটি।
এমএএইচ
















