ভোটের আগে মোবাইল ও ইন্টারনেট ব্যাংকিং লেনদেনে সাময়িক সীমা
Published : ১১:৩০, ১ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিকাশ, রকেট ও নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে একবারে সর্বোচ্চ এক হাজার টাকার বেশি পাঠানো যাবে না। এছাড়া দিনে মোট লেনদেনের সীমা নির্ধারণ করা হচ্ছে ১০ হাজার টাকা।
একই সময়ের জন্য ব্যাংকিং চ্যানেলে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে (পিটুপি) ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা স্থানান্তরও বন্ধ রাখা হবে। আগামী ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ কার্যকর থাকতে পারে বলে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে।
নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে অর্থের অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এ বিষয়ে পরিকল্পনা করেছে, যা বাস্তবায়নে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তবে চূড়ান্ত নির্দেশনায় লেনদেনের সীমা কিছুটা পরিবর্তন হতে পারে।
এদিকে নগদ টাকা উত্তোলনের ওপর নজরদারিও জোরদার করা হয়েছে। এতে নির্বাচনের সময় অর্থের অপব্যবহার কমবে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। তবে প্রার্থীদের ঘোষিত নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে কোনও বাধা থাকবে না বলেও জানিয়েছেন তারা।
জানা গেছে নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতে অর্থ লেনদেন সীমিত করার বিষয়ে কাজ চলছে। চলতি সপ্তাহেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
এমএএইচ















