বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করলো ক্যাসপারস্কি
Published : ১৬:০১, ২৪ জুন ২০২৬
২০২৬ বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে সাইবার অপরাধীরা। বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের আদলে তৈরি শতাধিক ভুয়া ডোমেইনের মাধ্যমে ফুটবলপ্রেমীদের প্রতারণার চেষ্টা চলছে বলে জানিয়েছে ক্যাসপারস্কি।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, টুর্নামেন্ট শুরু হওয়ার পর থেকে অন্তত ৩৩৬টি ভুয়া ওয়েবসাইট শনাক্ত করা হয়েছে। এসব সাইটে বিনা মূল্যে খেলা দেখার প্রলোভন দেখিয়ে ব্যবহারকারীদের কাছ থেকে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। ভুয়া বেটিং ও ম্যাচ পূর্বাভাস প্ল্যাটফর্মের মাধ্যমেও নাম, ই-মেইল ও ফোন নম্বর সংগ্রহ করা হচ্ছে।
ক্যাসপারস্কি জানিয়েছে, ফিশিং ই-মেইলের মাধ্যমেও প্রতারণা বাড়ছে। এসব ই-মেইলে ভুয়া ম্যাচ বিশ্লেষণ বা জয়ের পূর্বাভাসের নামে অর্থ পরিশোধে প্রলুব্ধ করা হয়।
প্রতারণা এড়াতে ওয়েবসাইটের ঠিকানা যাচাই, শুধু বিশ্বস্ত স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা এবং মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু রাখার পরামর্শ দিয়েছে ক্যাসপারস্কি।
এমএএইচ
















