পোস্টাল ভোট: দেশে পৌঁছেছে সাড়ে চার লাখের বেশি প্রবাসী ব্যালট
Published : ১৭:০৭, ৭ ফেব্রুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট দিয়ে ডাকযোগে পাঠানো প্রবাসী ব্যালটের বড় একটি অংশ বাংলাদেশে পৌঁছেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ৪ লাখ ২২ হাজার ৯৬০টি প্রবাসী পোস্টাল ব্যালট দেশে এসেছে। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট।
৭ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টা পর্যন্ত অ্যাপের হালনাগাদ তথ্য থেকে এসব জানা গেছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের অভ্যন্তরে থাকা ভোটাররাও পোস্টাল ভোটিং প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের জন্য প্রেরিত ব্যালটের মধ্যে গন্তব্য দেশে পৌঁছেছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। এর মধ্যে ৫ লাখ ২৭ হাজার ৩৩ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ভোটদান সম্পন্ন করেছেন ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন। ভোট দিয়ে পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা দিয়েছেন ৪ লাখ ৬৮ হাজার ৯১ জন ভোটার। এসব ব্যালটের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার ৯৬০টি এবং রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ২ লাখ ২৫ হাজার ১৬৮টি ব্যালট।
অন্যদিকে, দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালটের জন্য আবেদন করা ভোটারদের ক্ষেত্রে বিডি পোস্টের মাধ্যমে পাঠানো হয়েছে ৬ লাখ ৯৪ হাজার ১৪৬টি ব্যালট। এর মধ্যে ৩ লাখ ৮১ হাজার ৭ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৩ লাখ ২১ হাজার ৬৯৫ জন ভোটদান সম্পন্ন করেছেন। পোস্ট অফিস বা ডাকবাক্সে জমা পড়েছে ২ লাখ ৭৬ হাজার ২৭২টি ব্যালট। এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে ৮৩ হাজার ৯৪২টি ব্যালট পেপার।
নির্বাচন কমিশন বলছে, পোস্টাল ভোটিং ব্যবস্থার মাধ্যমে ভোটারদের অংশগ্রহণ বাড়ছে এবং প্রক্রিয়াটি ধাপে ধাপে অগ্রসর হচ্ছে।
এমএএইচ














