শুক্রবার; ০৬ ফেব্রুয়ারি ২০২৬; ২৩ মাঘ ১৪৩২

এআই ও বিজ্ঞাপনের জোরে অ্যালফাবেটের আয়ে নতুন রেকর্ড ছবি: এআই দিয়ে তৈরি

এআই ও বিজ্ঞাপনের জোরে অ্যালফাবেটের আয়ে নতুন রেকর্ড

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:২৫, ৫ ফেব্রুয়ারি ২০২৬

গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের বার্ষিক আয় প্রথমবারের মতো ৪০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্লাউড সেবা ও বিজ্ঞাপন ব্যবসায় প্রবৃদ্ধির ফলে এই মাইলফলক অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে অ্যালফাবেট জানায়, ২০২৫ সালের শেষ প্রান্তিকে তাদের আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে।

এআই খাতে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে বিনিয়োগ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে অ্যালফাবেট। প্রতিষ্ঠানটির হিসাবে, ২০২৬ সালে তাদের ব্যয় হতে পারে ১৭৫ থেকে ১৮৫ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। বাড়তে থাকা এআই পণ্য ও সেবার চাহিদা পূরণে এই ব্যয় করা হবে।

এ বিষয়ে অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেছেন, অবকাঠামো সম্প্রসারণের পরও এআই সক্ষমতার চাহিদা সরবরাহের চেয়ে বেশি। সক্ষমতা বাড়ানো হলেও চাহিদা এখনো পূরণ করা যাচ্ছে না।

এদিকে, গুগলের এআই চ্যাটবট জেমিনি দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। প্রতিষ্ঠানটির তথ্যে বলা হয়, বছর শেষে জেমিনির মাসিক ব্যবহারকারী সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ কোটিতে, যা আগের প্রান্তিকের তুলনায় ১০ কোটি বেশি। বাজার বিশ্লেষকদের মতে, চলতি বছর এআই খাতে ওপেনএআইকে ছাড়িয়ে যেতে পারে গুগল।

যুক্তরাষ্ট্রের একটি আদালতের রায়ে গুগলকে ক্রোম ব্রাউজার বিক্রি করতে না হওয়ায় স্বস্তি পেয়েছে অ্যালফাবেট। একচেটিয়া বাজার নিয়ন্ত্রণের অভিযোগে ক্রোম বিক্রির যে চাপ তৈরি হয়েছিল, তা আপাতত কমেছে। তবে অনলাইন সার্চে একচেটিয়া আধিপত্যের অভিযোগে দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করবে গুগল।

এমএএইচ

শেয়ার করুনঃ