সোমবার; ২৩ ফেব্রুয়ারি ২০২৬; ১০ ফাল্গুন ১৪৩২

মাইক্রোসফটের শেয়ার কমালেন বিল গেটস ছবি: এআই/ইনফোটেকইনসাইট.কম

মাইক্রোসফটের শেয়ার কমালেন বিল গেটস

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৪:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

বিশ্বখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটস তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান মাইক্রোসফটেরএর উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার বিক্রি করেছেন। তবে এই বিক্রির পেছনে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে সংশয় নয়, বরং দাতব্য কার্যক্রম সম্প্রসারণ ও বিনিয়োগ বিন্যাস পুনর্গঠনই প্রধান কারণ বলে জানা গেছে।

২০২৫ সালের শেষভাগে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ট্রাস্ট তাদের মাইক্রোসফট শেয়ারের প্রায় ৬৫ শতাংশ কমিয়ে আনে। পরিমাণ হিসেবে তা প্রায় ১ কোটি ৭০ লাখ শেয়ার। একসময় ট্রাস্টের বিনিয়োগ তালিকায় মাইক্রোসফট ছিল শীর্ষে। তবে সাম্প্রতিক এই বিক্রির ফলে প্রতিষ্ঠানটি আর আগের মতো প্রভাবশালী অবস্থানে নেই।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, ২০২৬ সালের মধ্যে বার্ষিক অনুদানের পরিমাণ ৯ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বৈশ্বিক স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অর্থায়ন বাড়াতেই শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বিনিয়োগ ঝুঁকি কমাতে এবং সম্পদে বৈচিত্র্য আনতেও এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিল গেটস আগেই ঘোষণা দিয়েছিলেন, তিনি তার মোট সম্পদের ৯০ শতাংশের বেশি জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতাতেই ধাপে ধাপে সম্পদ স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

তবে শেয়ার বিক্রি করলেও গেটস ব্যক্তিগতভাবে এখনও মাইক্রোসফটের উল্লেখযোগ্য অংশীদার। বিশ্লেষকদের মতে, এটি প্রতিষ্ঠানের প্রতি অনাস্থার ইঙ্গিত নয়; বরং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করে দাতব্য কার্যক্রম সম্প্রসারণের কৌশলগত সিদ্ধান্ত।

সূত্র: ডেইলি ইনভেস্টর

এমএএইচ

শেয়ার করুনঃ